শ্রীমঙ্গলে হামলার শিকার জুলাই যোদ্ধা হাসিবুল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবির শাখা সভাপতি হাসিবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল যাওয়ার পথে তার ওপর হামলা হয়।
এসময় তার পাশের সিটে বসা একজন নারী ছিলেন। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে। এরপর চিৎকার শোনা যায়। এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।
তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে- এ বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেক আউট হয়ে বের হওয়ার সময় তার ওপর হামলা হয়।
তিনি জানান, হামলার পর হাসিবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে রিসোর্টে খোঁজ নিয়েছি, তিনি রিসোর্টেও যাননি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



























