মালয়েশিয়া যাওয়ার পথে ৭২ জনকে লাবণী পয়েন্টে নামিয়ে পালাল চক্র
সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মাছ ধরার ট্রলারে তুলে টানা ছয় থেকে সাত দিন সাগরে ভাসিয়ে রাখার পর ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারী চক্র। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। অন্যরা তীরে নেমে বিভিন্ন স্থানে চলে গেছেন বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে মালয়েশিয়াগামী যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে নারী ও শিশুসহ মোট ৭২ জন ছিলেন।
টানা কয়েক দিন সাগরে ভাসমান থাকার একপর্যায়ে বৈরী আবহাওয়া এবং যাত্রীদের জিম্মি করে টাকা আদায়কে কেন্দ্র করে ট্রলারে থাকা মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ ও বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে শুক্রবার মধ্যরাতে ট্রলারটি লাবণী পয়েন্টের তীরে ভেড়ানো হলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
উদ্ধার হওয়া যাত্রীদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় তাঁদের সাগরের বড় ট্রলারে তোলা হয়েছিল। কয়েক দিন সাগরে ভাসমান থাকার পর মাঝিমাল্লা ও দালালদের অভ্যন্তরীণ বিরোধের কারণে ট্রলারটি লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। এরপর পাচারকারীরা পালিয়ে যান। ট্রলারে থাকা ৭২ জনের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। বাকিরা তীরে নেমে বিভিন্ন স্থানে চলে যান।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, এ মানবপাচারের সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিন (৪১) নামের এক ব্যক্তির চক্র জড়িত। স্থানীয়দের দাবি, তাঁর নেতৃত্বে একটি চক্র পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক কারবার ও মানবপাচারে জড়িত। তাঁদের অভিযোগ, প্রথমে মালয়েশিয়াগামী যাত্রীদের জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের আরও দাবি, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পলাতক আসামি।
এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (দাঁড়িওয়ালা), শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মানবপাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার ভিকটিমদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



























