ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে মাইকে ঘোষণা দিয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।এ ছাড়া তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই সময় মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে।
ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।”



























