চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘বোতল রনি’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের নেতা মো. ইসমাইল হোসেন ওরফে ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হাটহাজারী থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোতল রনিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। এর আগে কয়েক দিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে। পাশাপাশি হাটহাজারী থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।



























