শুক্রবার ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ১১ জুন ২০২৬

বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম

বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাকজাত পণ্যের দাম বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরণ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন কর কাঠামোর প্রস্তাব করেছে সরকার। এতে তামাকজাত পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবে সিগারেটের চার স্তরের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরে প্রতি ১০ শলাকার দাম ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া নতুন ধরনের তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর আলাদা মূল্য ও করহার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা এবং এতে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কথা বলা হয়েছে। হিটেড টোব্যাকোর ক্ষেত্রে প্রতি ১০ শলাকার দাম ২১০ টাকা এবং ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অবৈধ তামাক বাণিজ্য রোধে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি জোরদারের পাশাপাশি 'ট্র্যাক অ্যান্ড ট্রেস' পদ্ধতি চালুর প্রস্তাবও রাখা হয়েছে, যার মাধ্যমে তামাকপণ্যের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হবে।

সরকার আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে একদিকে রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত মেগা বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেটে নিট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

জনপ্রিয়