শুক্রবার ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ১১ জুন ২০২৬

বিদ্যুৎ বিভাগে ১৪,৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিদ্যুৎ বিভাগে ১৪,৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের জন্য ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের জন্য সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১৫ হাজার ৫৮৬ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল ২০ হাজার ৩৪২ কোটি টাকা।

বিদ্যুত খাতে উন্নয়ন ব্যয় সবচেয়ে বেশি প্রস্তাব করা হয়েছে। এতে ১৪ হাজার ৯৩৮ কোটি ৬৬ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৩৬ লাখ টাকা।
 
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এ খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট ও অর্থ পাচার হয়েছে। এ সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা ও বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের ওপর চেপে বসেছে।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতি মাত্রায় নির্ভরতাও এ খাতে ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্যের কারণে চলতি অর্থবছরে এ খাতে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট (আমদানি ও অন-গ্রিড নবায়নযোগ্যসহ) হলেও নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত হয়নি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,  মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ এর আওতায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে। বিদ্যুতের বিতরণ সিস্টেম লস ও বকেয়া হ্রাস করা হবে। গ্রিড ফ্লেক্সিবিলিটি, স্মার্ট গ্রিড এবং এনার্জি স্টোরেজ রোডম্যাপ প্রণয়নে কার্যক্রম গ্রহণ করা হবে। জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ কর্মসূচিসহ জ্বালানি নিরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ করা হবে।

জনপ্রিয়