বাড়ল সোনার দাম, ভরি কত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।



























