বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ৭ অক্টোবর ২০২৬

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু

দুই দিন পর ৩০ ব্যাংকের কিউ-ক্যাশ সেবা চালু
ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন দেশের প্রায় ৩০টি ব্যাংকের সব ধরনের সেবা আবারও সচল হয়েছে। ফলে এটিএম, কার্ড, পিওএস, ই-কমার্স, কিউআরসহ সংশ্লিষ্ট লেনদেন সেবা স্বাভাবিক নিয়মে ব্যবহার করতে পারছেন গ্রাহকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানায়। একই সঙ্গে কয়েকটি সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকেও সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়।

কিউ-ক্যাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। সেবা চালু হওয়ায় গ্রাহকরা আগের মতো তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ব্যাংকটির এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার কথাও জানানো হয়।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হলে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এতে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) ও কার্ডের মাধ্যমে লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়। ওই সময় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা স্বাভাবিক হতে পারে।

তবে গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রুত সেবা সচলের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।

মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলায় কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখা ও তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির মাধ্যমে দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা পুরোপুরি সচল হওয়ার কথা জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়