বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পণ্য না কিনে বাংলা কিউআরে ক্যাশআউট, ব্লক হবে অ্যাকাউন্ট

পণ্য না কিনে বাংলা কিউআরে ক্যাশআউট, ব্লক হবে অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত

পণ্য না কিনে শুধুমাত্র ক্যাশআউটের উদ্দেশ্যে বাংলা কিউআর ব্যবহার করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতেই বাংলা কিউআরের প্রচলন করা হয়েছে। এর অন্যতম উদ্দেশ্য হলো প্রতিটি লেনদেনের ফুটপ্রিন্ট সংরক্ষণ করা। কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ সেবা দিতে গড়িমসি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ব্যাংক ও এমএফএসের গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট সম্পন্ন হতো। ওই সময় এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর পেমেন্ট হচ্ছে। এসব লেনদেনে গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা আদান-প্রদান হচ্ছে।

অর্থাৎ মাত্র ৯০ দিনের ব্যবধানে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

বাংলা কিউআর লেনদেন আরও জনপ্রিয় করতে বেশ কিছু নতুন পদক্ষেপের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। এতে মার্চেন্টদের অর্থ পেতে যে সময় লাগত, তা কমে আসবে।

এ ছাড়া বাংলা কিউআর পেমেন্টে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ১ শতাংশ রহিত করা হয়েছে। একই সঙ্গে ইস্যুকারী প্রতিষ্ঠানের চার্জ শূন্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারের খরচ আরও কমবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি প্ল্যাটফর্মের প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হবে।

আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-টু-ব্যক্তি (পিটুপি) লেনদেন। এর ফলে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআরের ছবি আপলোডের মাধ্যমে আন্তঃব্যবহারযোগ্য অর্থ স্থানান্তর করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ থেকে ১০ হাজার টাকার বেশি পেমেন্ট করা যায় না—এমন অভিযোগের বিষয়েও প্রশ্ন করা হয়।

জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এমন অভিযোগ তাদের কাছেও এসেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিকাশের এজেন্টদের অসহযোগিতার বিষয়টিও জানিয়ে সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়