বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার দাবি এবং হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২ ডলার ৭২ সেন্টে।
এ নিয়ে টানা চার মাস ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেলের বাজারে এই ঊর্ধ্বগতির মধ্যে সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
তাদের দাবি, দেশটির রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।



























