শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তার অভাব, আইনের শাসন প্রতিষ্ঠায় ঘাটতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।
ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষের মন খারাপ করার অধিকারও যেন নেই। কেউ মন খারাপ করলেও তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সঙ্গে আলোচনা না করেই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের পাশাপাশি রাস্তাঘাটে আবারও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।
এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করেন।
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে। এ আন্দোলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও প্রত্যাশা করেন তিনি।



























