বাইকের সামনের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা দেড় মাসের বেশি বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত মাপ ও নিয়ম অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন মোটরসাইকেল মালিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছিল সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান কার্যকর করতে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরির জন্য স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধনমূলক নকশা বা অতিরিক্ত ডিজাইন করা যাবে না।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নির্দেশনায় সামনের দিকে নিবন্ধন নম্বরের একটি অনুলিপি প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করেছে বিআরটিএ।
নতুন সময়সীমা নির্ধারণের ফলে মোটরসাইকেল মালিকরা নম্বরপ্লেট সংযোজনের জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাপ, উপকরণ ও অন্যান্য নির্দেশনা মেনে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।



























