শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:১১, ৩০ অক্টোবর ২০২৬

চার দিন পর ফেসবুক ফিরে পেলেন ফারুকী

চার দিন পর ফেসবুক ফিরে পেলেন ফারুকী
ছবিঃ সংগৃহীত

চার দিন পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়টি জানান ফারুকী।

পোস্টে তিনি লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চারদিন আমার শ্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

তিনি আরও লেখেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানান, সকাল থেকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। তাঁর দাবি, ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। এতে সফল না হয়ে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়।

ফারুকীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

চার দিন পর অ্যাকাউন্ট ফিরে পেয়ে দেওয়া তাঁর নতুন পোস্ট ঘিরে অনুসারীদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

জনপ্রিয়