বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ১১ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না। গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর বুধবার আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়েছে।

নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে। ভিডিওগুলোতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, রোববার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও ছিল।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরও একটি ট্যাংকার হামলার শিকার হয়েছে। একই দিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলাচলের সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক হবে কি না, তা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করবে।

বিশ্লেষকদের মতে, সমুদ্রের মাইন অপসারণ, জাহাজের বিমা ব্যয় এবং ঝুঁকি নিয়ে প্রণালিটি দিয়ে চলাচলে জাহাজমালিকদের সম্মতি—এসব বিষয় স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের ভাষ্য, প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনো কমেনি।

এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মন্তব্যের পর বাজারে এ দরপতন ঘটে। তবে দিনের পরবর্তী সময়ে দাম আবারও কিছুটা বাড়ে। অন্যদিকে, ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

এদিকে বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে দেশটির তেল পরিশোধন সক্ষমতা হ্রাস পেয়েছে।

এদিকে ইরান যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। এর অংশ হিসেবে মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর দেশ দুটির মধ্যে এটিই প্রথম শান্তি আলোচনা।

তথ্যসূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়