সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ৯ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম থাকার ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। 

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা ইতিবাচকভাবে এগোলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। লেনদেনের শুরুতেই কমেছে অপরিশোধিত তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে ৯৭ দশমিক ৬৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৫১ ডলারে।

ট্রাম্পের বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগও কমতে পারে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তবে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত এখনো মেলেনি। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশ হরমুজ প্রণালির ভেতরে কিংবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার কথা জানিয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটিকে ঘিরে উত্তেজনা এখনো বহাল রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়