বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১১ নভেম্বর ২০২৬

জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান হিসেবে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান হিসেবে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আর ঋণ নয়, বরং অনুদান হিসেবে আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার জোর দাবি জানাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু অর্থায়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতির অগ্রযাত্রায় বাংলাদেশ ইতিমধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন, নদী খননসহ বিভিন্ন টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব জলবায়ু ফোরামে প্রধানমন্ত্রী এসব উদ্যোগ তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোর ভয়াবহ ক্ষতির বিষয়টিও তুলে ধরবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর সংকট দীর্ঘদিনের। তাই এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর ও সুনির্দিষ্ট সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ। শুধু আশ্বাস নয়, অনুদানের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মেলনে সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কপ সম্মেলনের পাশাপাশি বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ রয়েছে।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, এসব কূটনৈতিক তৎপরতা ও উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থায়নে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়