বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১১ নভেম্বর ২০২৬

দারিদ্র্য ও ক্ষুধায় সংকটে লাখ লাখ পাকিস্তানি পরিবার

দারিদ্র্য ও ক্ষুধায় সংকটে লাখ লাখ পাকিস্তানি পরিবার
ছবিঃ সংগৃহীত

অর্থনৈতিক স্থিতিশীলতার সরকারি দাবি থাকলেও পাকিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তির চিত্র নেই। বরং দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি ও সামাজিক বৈষম্যের চাপ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে দেশটির উদ্বেগজনক পরিস্থিতি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে প্রায় ৭ কোটি মানুষ। অন্যদিকে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার প্রায় সাড়ে ৯ কোটি নাগরিক। অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানব উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য পরিস্থিতিও দেশটির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের ‘পাকিস্তান পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে পাকিস্তানের দারিদ্র্যের হার ছিল ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশে। বর্তমানে দেশটির প্রায় ৭ কোটি মানুষ জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

শুধু দারিদ্র্যই নয়, অর্থনৈতিক বৈষম্যও বেড়েছে। আয়বৈষম্য পরিমাপের সূচক জিনি ইনডেক্স ২৮ দশমিক ৪ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান (মিনাপ) অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই পাকিস্তানের বাসিন্দা।

পাকিস্তানের দারিদ্র্য পরিস্থিতির আরেকটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৫ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকে। প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বা প্রায় সাড়ে ৯ কোটি নাগরিক বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। এই দারিদ্র্য কেবল অর্থের অভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এসব মানুষ। এ ছাড়া আরও প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে পাকিস্তানের পরিস্থিতি আরও স্পষ্ট হয়। বহুমাত্রিক দারিদ্র্যের হার ভারতে ১৬ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশে ১৪ দশমিক ৯ শতাংশ।

দারিদ্র্যের পাশাপাশি দেশটিতে ক্ষুধা ও খাদ্যনিরাপত্তার সংকটও গভীর হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্ষুধা পরিস্থিতিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে দেশটি। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমছে। ফলে পুষ্টিকর খাবার কেনা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের ওপরও।

মানব উন্নয়নের ক্ষেত্রেও পাকিস্তানের অবস্থান আশাব্যঞ্জক নয়। ইউএনডিপির ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৬৮তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তান ছাড়া অন্য সব দেশ এই সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানসহ মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দেশটির অগ্রগতি এখনো সীমিত।

পাকিস্তানের সামাজিক সংকটের আরেকটি উদ্বেগজনক দিক হলো মানসিক স্বাস্থ্য পরিস্থিতি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজনের একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় আক্রান্ত। জরিপে আরও দেখা গেছে, প্রতি পাঁচজনের একজনের মধ্যে আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধির (পিটিএসডি) লক্ষণ রয়েছে। প্রায় ৬ শতাংশ মানুষের মধ্যে আত্মহত্যার চিন্তা এবং ১০ শতাংশের বেশি মানুষের মধ্যে বিষণ্নতার তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, সুশাসনের অভাব এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা পাকিস্তানের বর্তমান সংকটের অন্যতম কারণ। কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, পানিসম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং পরিবহন ব্যয়ের কারণে খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারদর ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।

অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জাতীয় বাজেট ও নীতিনির্ধারণে প্রতিরক্ষা খাতও গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। ফলে মানব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নে শুধু সামষ্টিক অর্থনৈতিক সূচক কিংবা সরকারি স্থিতিশীলতার বক্তব্য যথেষ্ট নয়। সাধারণ মানুষের খাদ্যপ্রাপ্তি, ক্রয়ক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের বাস্তব চিত্রও বিবেচনায় নিতে হবে।

দারিদ্র্য ও ক্ষুধা যখন লাখ লাখ পরিবারের দৈনন্দিন জীবনকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে, তখন এসব সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনও ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থনীতিকে স্থিতিশীল করা নয়, সেই স্থিতিশীলতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

জনপ্রিয়