এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে। আমরা যে ভোট দেবো—তা কেউ ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে আপনারা সবাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি অশ্রুসিক্ত হন, যা উপস্থিত জনতার মাঝেও আবেগের সঞ্চার করে।



























