জিয়ার স্মরণে সবুজায়নে শেকৃবি, শুরু মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জিয়া রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ৫০০টি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাসার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র-পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জিয়া রহমান ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।



























