সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:১৬, ৯ নভেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবি ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা পৌনে সাতটায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের দ্বিতীয় গেটের পাশে ফের ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের দ্বিতীয় গেট এলাকায় ককটেল ফাটিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়। তারপর মারধর করে তাদের শাহবাগ থানায় নিয়ে যান সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

আটককৃত দুইজন হলেন জাবির সালেহীন দিপু (২৭) এবং আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)।

শাহবাগ থানা-পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আটককৃত ব্যক্তিদের একজন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে আটককৃত ব্যক্তিদের একজনের কাছ থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ককটেল ও বিস্ফোরক দ্রব্য রয়েছে এমন সন্দেহে তাৎক্ষণিকভাবে ঢাকা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরবর্তীতে ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যান তারা।

এর আগে গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পৃথক স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ও টিএসসিতে ককটেল ফুটিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। টানা দুদিন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়েছে।

জনপ্রিয়