মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।



























