কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন: দীপা
অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সময়ের সঙ্গে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজে যুক্ত হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টই জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীপা খন্দকার লিখেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কারো স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক।’
তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কী পরিস্থিতিতে বা কোন বিষয়কে কেন্দ্র করে এমন কথা লিখেছেন, সে বিষয়ে অবশ্য কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছেন দীপা। এখনো নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় মহিন খানের রচনা ও পরিচালনায় ‘কর্মফল’ নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
নাটকটিতে প্রচলিত চরিত্রের বাইরে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং একটি ভূমিকায় দেখা যাবে দীপাকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আ খ ম হাসান।
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। তার অভিনীত চরিত্রটি দর্শকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
এবার একই পরিচালকের নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ধারাবাহিকটির শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



























