শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘স্পর্ধা’ নিয়ে বড় পর্দায় রঞ্জিত মল্লিক, সঙ্গী কোয়েল

‘স্পর্ধা’ নিয়ে বড় পর্দায় রঞ্জিত মল্লিক, সঙ্গী কোয়েল
ছবি: সংগৃহীত

আবারও বড় পর্দায় ফিরছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। এবার তার সঙ্গী মেয়ে কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অন্নপূর্ণা বসুর পরিচালনায় নতুন সিনেমা ‘স্পর্ধা’য় দেখা যাবে এই তারকাদের।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির শুভ মহরত। এতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। ছবিটি প্রযোজনা করছেন নিসপাল সিং রানে।

প্রযোজকের মূল ভাবনা থেকে ‘স্পর্ধা’র চিত্রনাট্য তৈরি করেছেন সদীপ ভট্টাচার্য। গল্পের কেন্দ্রে থাকছেন এক স্বাধীনচেতা নারী। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি নিজের কাজ ও আদর্শের সঙ্গে আপস করেন না। একই সঙ্গে সংসার ও পেশাজীবন সামলে আত্মসম্মান নিয়ে নিজের মতো করে বাঁচার সংগ্রাম চালিয়ে যান তিনি।

সিনেমাটির আরেকটি আকর্ষণ দীর্ঘ বিরতির পর পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিকের জুটি। এর আগে একসঙ্গে কাজ করলেও নতুন এই ছবিতে তাদের রসায়ন দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে ‘স্পর্ধা’র দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুর দিকেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

উল্লেখ্য, অন্নপূর্ণা বসুর পরিচালনায় গত বছর ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েলের অভিনীত আইনজীবী চরিত্রের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। এবার ‘স্পর্ধা’য় তাদের আবারও বাবা-মেয়ের উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়