শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনয়ের জন্য পড়াশোনা ছাড়ার সিদ্ধান্তে আফসোস কারিনার

অভিনয়ের জন্য পড়াশোনা ছাড়ার সিদ্ধান্তে আফসোস কারিনার
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিলেও জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে এখনো আক্ষেপ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়কে প্রাধান্য দিতে গিয়ে নিজের পড়াশোনা শেষ করতে পারেননি, যা এখনো তাকে ভাবায়।

কারিনা বলেন, খুব অল্প বয়সে অভিনয়জগতে প্রবেশ করায় একাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সে সময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তার ভাষায়, “আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। বিষয়টি বহুদিন ধরে আমার মনে রয়ে গেছে। সুযোগ থাকা সত্ত্বেও আমি সিনেমাকে প্রাধান্য দিয়েছিলাম এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাইনি। আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম।”

অভিনেত্রী জানান, নিজের এই অপূর্ণতার কারণেই তিনি চান তার দুই ছেলে শিক্ষাজীবনে মনোযোগী হোক এবং উচ্চশিক্ষা গ্রহণ করুক। সন্তানদের পড়াশোনার বিষয়ে সচেতন হওয়ার পেছনে নিজের অভিজ্ঞতাই বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ইউনিসেফ ভারতের সঙ্গে তরুণীদের শিক্ষাবিষয়ক কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কারিনা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগে কাজ করতে গিয়ে নিজের অপূর্ণ শিক্ষাজীবনের কথাও বারবার মনে পড়ে।

২০০০ সালে জে.পি. দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিনা কাপুরের। এতে তার সহশিল্পী ছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের পর ‘কাভি খুশি কাভি গম’, ‘চামেলি’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘বডিগার্ড’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তবে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পরও পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ আজও বয়ে বেড়াচ্ছেন কারিনা কাপুর খান।

জনপ্রিয়