মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার
‘আমি সব সময়ই মা হতে চেয়েছি’—কিছুদিন আগে মাতৃত্বের ইচ্ছার কথা জানিয়েছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। এবার সেই ইচ্ছা পূরণ হলো। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সোহিনীর স্বামী, সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।
২০২৪ সালে বিয়ের পর থেকেই সোহিনী ও শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল। তবে নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত বরাবরই অনেকটা আড়ালে রেখেছেন তারা। তাই পরিবারে নতুন সদস্য আসার খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল।
অন্তঃসত্ত্বা হওয়ার পর ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন সোহিনী। সেসব ছবি প্রকাশের পর থেকেই তাদের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন নতুন অতিথির আগমনের।
জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সেই অপেক্ষার বিষয়টি আরও স্পষ্ট করেন সোহিনী ও শোভন। বেবিবাম্পের একাধিক ছবি প্রকাশ করে তারা জানান, শিগগিরই তাদের পরিবারে আসছে নতুন সদস্য।
মাতৃত্বের এই সময়টাতেও অভিনয় থেকে পুরোপুরি বিরত থাকেননি সোহিনী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে স্বামী শোভনকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।
সেই ভ্রমণের কিছু অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে সোহিনী লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’
এর আগে সাধের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী। এসব আয়োজনের মধ্য দিয়েই ধীরে ধীরে প্রকাশ্যে আসছিল মা হওয়ার প্রস্তুতির নানা মুহূর্ত। শেষ পর্যন্ত রোববার সেই প্রতীক্ষারও অবসান হলো।
তবে পুত্রসন্তানের জন্মের খবরের পাশাপাশি সোহিনীর পুরোনো একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। আরজি কর-কাণ্ডের পর সন্তান নেওয়া প্রসঙ্গে ২০২৪ সালে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’
পরবর্তী সময়ে অবশ্য ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন সোহিনী। তিনি বলেছিলেন, সেই সময়ে এমন ভাবনা তার মনে এসেছিল ঠিকই, তবে মা হওয়ার ইচ্ছা তার সব সময়ের। তাই উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
সোহিনীর ভাষায়, ‘এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব। যে আসবে, সে যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমন করেই মানুষ করার চেষ্টা করব।’
অবশেষে সেই পরিকল্পনা বাস্তব হলো। পুত্রসন্তানের জন্মের মধ্য দিয়ে সোহিনী ও শোভনের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। নতুন অতিথিকে ঘিরে এখন তাদের পরিবারে বইছে আনন্দের আবহ।



























