সহকারী পরিচালক ও অভিনেতা—দুই ভূমিকায় শাহীন আহমেদ রাজ
ক্যামেরার পেছনের নিখুঁত নির্মাণকৌশল, প্রশাসনিক দিক সামলানো এবং পর্দার সামনে সাবলীল অভিনয়—তিনটি ভিন্ন ক্ষেত্রকে একসুতোয় বেঁধে শোবিজ অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করছেন শাহীন আহমেদ রাজ। কাজের বহুমাত্রিকতা, অধ্যবসায় এবং অনন্য মেধা নিয়ে তিনি বর্তমানে বিনোদন ভুবনে অত্যন্ত সম্ভাবনাময় এক নাম।
বর্তমানে শাহীন আহমেদ রাজ অন্যতম শীর্ষস্থানীয় বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাবণ্য মিডিয়া হাউজ’-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সহকারী ব্যবস্থাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কেবল প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার গণ্ডিতেই থেমে নেই তার ব্যস্ততা; নির্মাণের প্রতি ব্যাকুলতা ও অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি যুক্ত হয়েছেন দেশের তারকাখচিত নতুন মেগা ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’-র সঙ্গে।
লাবণ্য মিডিয়া হাউসের ব্যানারে নির্মিত এবং হেদায়েত তুর্কী'র রচনা ও পরিচালনায় এই মেগা ধারাবাহিকটিতে শাহীন আহমেদ রাজ দ্বিমুখী ভূমিকায় হাজির হয়েছেন। একদিকে তিনি সহকারী পরিচালক হিসেবে সেট ও নির্মাণের পুরো টিম সমন্বয় করছেন, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন।
নাটকটির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শাহীন আহমেদ রাজ বলেন, “আমাদের 'বেগম পাড়া' নাটকটিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানাবিধ অমিল তুলে ধরার পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন স্পর্শকাতর বাস্তবমুখী বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে এদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, সরকারি আমলা ও বড় ব্যবসায়ীরা কালো টাকার পাহাড় গড়ে তোলেন, সেই চিত্রটিই এতে অত্যন্ত সাহসিকতার সাথে সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।” নাটকে নিজের উপস্থিতি সম্পর্কে তিনি জানান, এতে তাকে দেখা যাবে এক সুন্দরী নারী সংসদ সদস্যের পিএস (পার্সোনাল সেক্রেটারি) হিসেবে।তারকাখচিত এই ধারাবাহিকে নাট্যাঙ্গনের একঝাঁক শীর্ষ ও জনপ্রিয় শিল্পী একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।
অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়া।
শুধু তাই নয়, নাটকটির পরবর্তী লটগুলোতে নতুন চমক হিসেবে যুক্ত হতে যাচ্ছেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পী।
ক্যামেরার পেছনে শাহীন আহমেদ রাজের পথচলা কিন্তু এই প্রথম নয়। এর আগে তিনি একুশে টেলিভিশনের 'প্রণয় যমুনা' নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাণেও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তবে কোনো ধারাবাহিক নাটকে সহকারী পরিচালক হিসেবে এটিই তার প্রথম কাজ। এত বড় এবং তারকাখচিত প্রজেক্টে সুযোগ করে দেওয়ার জন্য তিনি নাটকের পরিচালক হেদায়েত তুর্কীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই নাটকে তার সাথে সহকারী পরিচালকের টিম পার্টনার হিসেবে কাজ করছেন এস এম নুরুজ্জামান, বাইজিদ আহম্মেদ, রাহুল রাজু ও আশিক আহমেদ।
শোবিজ সংশ্লিষ্টদের মতে, একই সাথে প্রশাসনিক দায়িত্ব সামলানো, সহকারী পরিচালক হিসেবে বিশালাকার সেটের ব্যাকস্টেজ সামাল দেওয়া এবং আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে চরিত্র ফুটিয়ে তোলা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। তবে শাহীন আহমেদ রাজ তার পেশাদারিত্ব ও একাগ্রতা দিয়ে সবকটি দিকই দারুণভাবে বজায় রাখছেন।
দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেগা ধারাবাহিকটি খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় আসছে। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাবণ্য মিডিয়া হাউজ’-এর কর্ণধার সিনথীয়া সুলতানা জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’ একটি বেসরকারি সংবাদ ও বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নিয়মিত সম্প্রচারিত হবে।



























