বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
উপস্থাপনা ও মডেলিংয়ের পরিচিত মুখ ইসরাত পায়েল জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বিয়ের পিঁড়িতে বসেছেন এই উপস্থাপক ও উদ্যোক্তা। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরটি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাকে।
বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে।’
নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।’
পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে বিয়ের সময় নিয়ে পরিষ্কার করেন ইসরাত পায়েল। তিনি লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’
জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বড় বড় ইভেন্টে উপস্থাপক হিসেবে পরিচিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।
এরপর দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেলেই উপস্থাপনায় সরব উপস্থিতি ছিল ইসরাত পায়েলের। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের খবর দিয়ে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও দোয়া চাইলেন এই তারকা।



























