তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন এ সময়ের প্রতিভাবান তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসাইন সজীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মাতা আশিকুর রহমান জানান, সজীব কিছুদিন আগে হার্টের সমস্যায় ভুগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও শেষ পর্যন্ত আর রক্ষা হলো না।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টর কবরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন মারুফ হোসাইন সজীব। সমসাময়িক নির্মাতাদের মধ্যে বেশ আলোচিত এই নির্মাতা কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছিলেন বেশ কিছু সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য দর্শকপ্রিয় নাটকের তালিকা:
আলোচিত নাটকসমূহ: ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদনেই’, ‘কথা বন্ধু’, ‘কাজলচোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ এবং ‘নুসাইবা’।
সজীবের এই অকাল প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।



























