বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ২২ অক্টোবর ২০২৬

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানাল পরিবার

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানাল পরিবার
ছবিঃ সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ খেয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

চিকিৎসকেরা তার অবস্থার উন্নতিতে আশাবাদী বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে সেখানকার একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি।

এরপর গত আগস্টে দেশে ফিরেছিলেন এই অভিনেতা। সে সময় তার চলাফেরায় কিছুটা অস্বাভাবিকতা ও শারীরিক দুর্বলতা দেখা গিয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চলাফেরায় স্বাভাবিকতা ফিরেছে, চিন্তাভাবনাও আগের তুলনায় স্বাভাবিক বলে জানিয়েছেন লিটন এরশাদ।

লিটন এরশাদ বলেন, “ইলিয়াস কাঞ্চনের এখন কেমোথেরাপি নিতে হচ্ছে না। চিকিৎসক প্রফেসর ড্রিমিট্রিয়াসের তত্ত্বাবধানে বাসাতেই চিকিৎসা চলছে। মুখের ওষুধ খাচ্ছেন। চিকিৎসকেরা আশা প্রকাশ করে আমাদের জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। বলা যায়, অলৌকিকভাবে তার অনেক উন্নতি হয়েছে।”

তিনি আরও বলেন, “তার চিন্তাভাবনা এখন অনেকটাই স্বাভাবিক। নিয়মিত আমাদের সঙ্গে কথা বলছেন। নিরাপদ সড়ক নিয়ে তার পরিকল্পনার কথাও জানাচ্ছেন। আমরা আশা করছি, তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। তার উদ্যোগে গড়ে ওঠে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। নিসচার আন্দোলন ও দাবির ধারাবাহিকতায় ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকার।

সর্বশেষ

জনপ্রিয়