শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ অক্টোবর ২০২৬

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। প্রতিবছরই তার জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। তবে এবার জমকালো আয়োজনের বদলে জীবনের সবচেয়ে আপন দুই মানুষকে পাশে নিয়েই বিশেষ দিনটির সূচনা করেছেন এই নায়িকা।

জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়মের সঙ্গে কাটিয়েছেন পরীমণি। সন্তানদের ভালোবাসা আর আনন্দঘন মুহূর্তে কেক কেটে শুরু হয়েছে তার এবারের জন্মদিন উদযাপন।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের সেই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলামেলা গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমণি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান পূণ্য ও প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তান মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয়। সন্তানদের এমন স্নেহমাখা উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আবেগঘন।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে পরীমণির জীবনে এখন দুই সন্তানই যেন সবচেয়ে বড় আশ্রয়। তাদের ঘিরেই আবর্তিত হচ্ছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের অনেকটা সময়। এবারের জন্মদিনের আয়োজনেও সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয় অভিনেত্রীর বিশেষ দিনে ভালোবাসা ও শুভকামনায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

এর আগে বিভিন্ন সময়ে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এই তারকা। তবে এবারের আয়োজনের বিশেষত্ব আড়ম্বর নয়, বরং দুই সন্তানের সঙ্গে কাটানো একান্ত কিছু মুহূর্ত। আপনজনদের ভালোবাসায় ঘেরা সেই আয়োজনেই জন্মদিনের আনন্দ খুঁজে নিয়েছেন পরীমণি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়