শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর থাবায় আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুর থাবায় আরও ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ১১১ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের বিভিন্ন মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৯ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৪ জন রোগী।

জনপ্রিয়