হাম উপসর্গে আর ৬ শিশুর মৃত্যু
দেশে হামের সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। এ ছাড়া পরীক্ষায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ে পরীক্ষার মাধ্যমে ২৪ হাজার ৭৩ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫৪৬ জন আক্রান্তের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকায় হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৫৮ জন। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।



























