ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে এক হাজার ৫৭১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
অন্যদিকে, একই সময়ে নতুন করে এক হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত কয়েক বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।



























