হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৩ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৬১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৮৮৬ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে। একই সময়ে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এছাড়া চলতি বছরে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



























