হামের উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১,৩৪১
দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ শিশু। এ সময়ে ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
নতুন করে ৯ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৯৯৫ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে আক্রান্ত হয় ১ হাজার ৬৪ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৮৪ জন এবং ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া যায়।



























