বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১ হাজার ৭৮২ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৪৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের (ঢাকা মহানগরের বাইরে) ৩৭১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, বরিশাল বিভাগে ১৬৪ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ৮৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৬ জন।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৩ জন। এক মাসের হিসাবে এটিই চলতি বছরের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ শতাংশ এবং নারী ৩৮ শতাংশ। মৃত্যুর হিসাবেও পুরুষের সংখ্যা কিছুটা বেশি। এ বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী। এখন পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন মোট ২০৯ জন।

গত কয়েক বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন; ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন।

জনপ্রিয়