জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বর্তমানে আরও ২৯ জন পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, জাসদ নেতাদের কাছ থেকে আটক ব্যক্তিদের নেতাকর্মীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। এসব নথিপত্র যাচাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিনিধি সভা চলছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, আটক ২৯ জন এখনো তাদের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা অন্য কোনো পক্ষের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে, জাসদ কার্যালয়ে আটকের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেখানে যুবদলের নেতাকর্মীরাও জড়ো হন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য তারা সেখানে অবস্থান করেন।



























