রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি–এর নাতি এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হাসান খোমেনি দেশবাসীর প্রতি রাস্তায় ও মসজিদে সক্রিয় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
তাসনিম নিউজ এজেন্সি–এর প্রতিবেদনে জানানো হয়, তিনি বলেন, “এক মুহূর্তের জন্যও রাস্তা এবং মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি জনগণের হৃদয়ে, আর জনগণের উপস্থিতিই আমাদের এখানে টিকিয়ে রেখেছে।”
তিনি আরও বলেন, “আজ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মসজিদে থাকতে হবে এবং মসজিদগুলো ভরিয়ে তুলতে হবে। আমাদের শক্ত ভিত্তি হলো শহরের মসজিদ ও চত্বর। প্রতিটি চত্বর জনগণের দখলে থাকা উচিত। তারা কালো পোশাক পরবে এবং হাতে ইমাম হুসেইনের পতাকা ধারণ করবে।”
উল্লেখ্য, হাসান খোমেনি কখনও কোনো সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন না। দেশের নিরাপত্তা সংস্থা কিংবা শাসক শ্রেণির মধ্যেও তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত। তিনি অনেক সমসাময়িক আলেমের তুলনায় কম কঠোরপন্থী হিসেবে পরিচিত। ২০১৬ সালে এক্সপার্টস অ্যাসেম্বলি নির্বাচনে তার প্রার্থিতা যাচাই–বাছাইয়ের সময় নাম বাতিল করা হয়েছিল।



























