সোমবার ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
ছবি: সংগৃহীত

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৭ জন। ইসরায়েলি জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৩ জন সদস্য নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়েছে।

এর জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।