সোমবার ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২ মার্চ ২০২৬

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, “ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময় ও স্থানে আমরা সেই জবাব দেব।”

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৫ মাস ধরে ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করা এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। এর আগে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

সূত্র: আল জাজিরা