শনিবার ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২৮ মার্চ ২০২৬

পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনা করছে। এ বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক দেশটির জ্বালানি মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন। সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও বেশি থাকলেও বর্তমানে দেশের অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখা সরকারে প্রধান অগ্রাধিকার।

রাশিয়া সরকার জানিয়েছে, দেশটির তেল শোধনের পরিমাণ গত বছরের মতোই রয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তারা মনে করছে।

উল্লেখ্য, গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া পূর্বেও একাধিকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছিল।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ টন পেট্রোল রপ্তানি করেছে, যা প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।