আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প
এবার নিজেকে একজন ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের ভবিষ্যৎ পরিচয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি বলা হয়তো কিছুটা অপ্রাসঙ্গিক শোনাতে পারে, তবে আমি চাই ইতিহাসে আমাকে একজন মহান শান্তির দূত হিসেবেই মনে রাখা হোক।”
তিনি আরও বলেন, তিনি নিজেকে একজন শান্তিকামী মানুষ হিসেবে দেখেন। তার ভাষায়, “বর্তমান পরিস্থিতিতে হয়তো তা সেভাবে প্রতীয়মান হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি, আমি একজন শান্তির দূত।”
তবে শান্তির এই বার্তার পাশাপাশি ইরানের প্রতি তার অবস্থান ছিল কঠোর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, গত শুক্রবার এক বক্তব্যে তিনি দাবি করেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনো ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এসব লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়েও তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, একসময় শক্তিশালী অবস্থানে থাকা ইরান বর্তমানে সেই শক্তি হারিয়েছে। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, “এই লড়াই এখনো চলছে, তবে একে অবশ্যই একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যেও তিনি ইরানের বিরুদ্ধে নিজের বিজয়ের দাবি করেছিলেন। তবে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে তার এই দ্বিমুখী অবস্থান নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।



























