বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২৩ মে ২০২৬

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতে আবারও জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। চলতি মাসে এটি তৃতীয় দফার মূল্যবৃদ্ধি। রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠানগুলো বলছে, দীর্ঘদিন ভর্তুকি দিয়ে লোকসান সামাল দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেলের দাম হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি।

শনিবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মে মাসজুড়ে ধারাবাহিক তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত বিপণন কোম্পানিগুলোর ভর্তুকি ব্যয় বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিলাররা।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্য সত্ত্বেও খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত ছিল। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠলেও দেশটি ভর্তুকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

তবে ভর্তুকির চাপ ক্রমেই বাড়তে থাকায় গত ১৫ মে চার বছরের মধ্যে প্রথমবারের মতো জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয় ভারত সরকার। এরপর পরিস্থিতি অনুযায়ী আরও কয়েক দফা সমন্বয় আনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ অবস্থানে থাকলে আগামী দিনেও জ্বালানির দামে আরও পরিবর্তন আসতে পারে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ