শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক : স্বরাষ্ট্রমন্ত্রী 

জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক : স্বরাষ্ট্রমন্ত্রী 
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা নাগরিকের পরিচয়ে এ দেশে থাকতে চাই। বাংলাদেশের সব নাগরিক—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী—যারাই হোক না কেন, তারা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে নিজ নিজ ধর্মাচার এবং ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। তবে জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে থাকব।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সব ধর্মের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। রাষ্ট্র সেই স্বাধীনতা নিশ্চিত করবে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না—এ কথাও সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ধর্মীয় স্বাধীনতার জন্য সব ধর্মাবলম্বীর উপাসনালয়, উপাসনালয়ের কর্তাদের স্বাধীনতা এবং উপাসনালয় স্থাপনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমরা শুধু কিতাবে বা সংবিধানে এসব ধারণ করে বসে থাকতে চাই না। বাস্তবে আমরা এই সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করব। আমরা সেই ঘোষণা দিয়েছি।’

তিনি বলেন, ‘অতীতের ফ্যাসিবাদী শক্তি এই দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের ভোট ব্যাংক মনে করত। সেই ভ্রান্ত ধারণা ও মিথ আপনারা ভেঙে দিয়েছেন।’

জনপ্রিয়