‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তার বদলি
‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর আলোচনায় আসা বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে ঢাকা বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞা। তাঁকে চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়েছে।
এদিকে খুলনা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁকে বিআরটিএ বরিশাল বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।



























