শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলার দ্রুত বিচারে দেশে ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন

মাদক মামলার দ্রুত বিচারে দেশে ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন
গ্রাফিক্স

মাদকসংক্রান্ত অপরাধের বিচার কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে নবগঠিত ট্রাইব্যুনালগুলোর স্থানীয় এখতিয়ার ও বিচারিক সীমানাও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো সংশ্লিষ্ট আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

স্থানান্তরিত মামলাগুলো যে পর্যায়ে থাকবে, সেখান থেকেই বিচার কার্যক্রম শুরু হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ঢাকা জেলা ও মহানগরের জন্য মোট পাঁচটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন থানার জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল থাকবে।

এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রাম জেলায় একটি ও চট্টগ্রাম মহানগরে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মাদকপ্রবণ সীমান্তবর্তী জেলা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লায় দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের ফলে মাদক মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

জনপ্রিয়