মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ৬ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে যাওয়ার পথে দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসকে ঘিরে পরিচালিত ওই মিশনে বিমানটি অংশ নিয়েছিল বলে জানিয়েছেন দেশটির এভিয়েশনবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো।

তিনি জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের পথে মাঝামাঝি একটি এলাকায় বিমানটির সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে ঘটনাস্থলে অভিযান চালাতে দেখা গেছে। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি কয়েকটি গাছ ভেঙে ফেলে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু পোশাক ও জুতা পাওয়া গেছে।

জনপ্রিয়