শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৯ অক্টোবর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরানে সামরিক হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেছেন, আপাতত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট সমাধানে এগোতে চায় ওয়াশিংটন। তবে তেহরানের ওপর আরোপিত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে কোনো হামলা চালানো হবে না।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। বরং অবরোধ পুরোপুরি বহাল রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তাঁর দাবি, বর্তমানে এই জলপথ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) হরমুজ প্রণালী দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, এসব তেলের কোনোটিই ইরান থেকে আসেনি কিংবা ইরানের উদ্দেশ্যে যায়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে নিজের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এল, যখন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা প্রস্তুত রাখতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এসব পরিকল্পনা আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই কার্যকর করা হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে নির্বাচনের আগে হামলা না চালানোর কথা বলা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটিতে অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দেয়।

সংঘাত বন্ধ করে আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য থাকায় সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া বর্তমানে স্থবির হয়ে আছে।

জনপ্রিয়