জাপানে তিন ঘণ্টার ব্যবধানে দুই ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে এসব কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্প দুটির কোনোটির পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্যের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
জাপানের স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা পরিমাপের স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে কম্পনের মাত্রা ছিল ৪। এ ছাড়া পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়।
প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এ কম্পনের তীব্রতা ছিল ৩।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্প দুটির কোনোটির কারণে সুনামি সৃষ্টি হয়নি।
সাম্প্রতিক সময়ে জাপানের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবা এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে আঘাত হানে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প।
এ ছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।



























