শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ করলেন পিল্লাই
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, উপস্থিত ব্যক্তিরা আরও বেশি করতালি দিলে ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগ করে নিতে পারেন তিনি।
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর ঘোষণার পর জার্মানির নুরেমবার্গে উপস্থিত ব্যক্তিরা করতালি দিয়ে পিল্লাইকে অভিনন্দন জানান। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
ভিডিওতে পিল্লাইকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরও একটু করতালি দেন, তাহলে আমি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারি।’
পুরস্কার পাওয়ার খবর প্রথম শোনার পর পিল্লাই ভেবেছিলেন, এটি হয়তো কোনো কৌতুক। ৮৫ বছর বয়সী এই আইন বিশেষজ্ঞ বলেন, ‘এটি নিশ্চয়ই কোনো কৌতুক।’ আইনজীবী ও বিচারক হিসেবে তিনি খবরটির সত্যতা যাচাই করতে চেয়েছিলেন বলেও জানান।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন পিল্লাই। তিনি স্পষ্ট করেন, কমিশন জাতিসংঘের পক্ষে বক্তব্য দেয় না। গত বছর এই কমিশন গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে সিদ্ধান্তে পৌঁছেছিল।
পিল্লাই বলেন, ‘আমি সর্বশেষ গাজা নিয়ে প্রতিবেদন দিয়েছি, সেখানে যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছি।’
তিনি আরও বলেন, ওই প্রতিবেদন প্রকাশের পর সাহসিকতার জন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া ছিল তাঁর জন্য অন্যতম উল্লেখযোগ্য অভিজ্ঞতা। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে পিল্লাই প্রশ্ন তোলেন, সত্য কথা বলার জন্য কেন সাহসের প্রয়োজন হবে।
আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে নাভি পিল্লাইয়ের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।



























